# গন্তব্য প্রিয়তমেষু মুজতবা আলীর দেশে-বিদেশের মধ্যিখানে অবগাহন করেছি বড্ড বেশী বেলা পড়ে গেলে। ততক্ষণে চোখ তো ফুটেছেই,মনও ফুটেছে। তাই আর ওর আফগানের প্রান্তরে চষে বেড়িয়ে ভেড়ার খান্দানি আহারের আখ্যান মনে আন্দোলন তুললেও উথালপাথাল করে না। মুজতবার সময়ে ভ্রমণের স্বাদগ্রহণ কতখানি দূর্লভ ছিলো জানিনে, তবে বোধকরি যত বাঁধা তা ছিলো সামর্থের সাথে, কুটনৈতিক নয়। দেশ বিদেশের পরিব্রাজক জীবন কাঙ্ক্ষিত ছিলো, রক্তে দোলা দিতো ছা-পোষা বাঙালির। সময় বদলেছে বটে, বিশ্বায়নে অনেক অধরা বস্তুর স্বরূপ দেখেছি আমরা, কিন্তু বিশ্ব রাজনীতির মারপ্যাঁচে এখন সামর্থ থাকলেও বিশ্বভ্রমণে বের হওয়া চাট্টিখানি কথা নয়। সীমান্তে সীমান্তে কাঁটাতারে আটকে দেবে। তবু এবেলা-সেবেলা, যাপিত পাঠক এবং সিনেমাপ্রেমী জীবনের কোন কোন পর্যায়ে স্বপ্নালু চোখে কতক গন্তব্য ভারী আরাধ্য হয়ে উঠেছে আমার। কোনটার পেছনে লেখকের চিন্ময় বাক্যশৈলীর প্রেমে পড়াই কারণ, যেমন ওয়ালডেন (Walden) পুকুর। দু পার ছেয়ে যার সারি সারি গাছ। আর মধ্যিখানে টলমলে জল। সে জলের ন্যায় সুপেয় জল নাকি আর বিশ্বব্রহ্মাণ্ডে নেই। মহাপ্রাণ হেনরি ডেভিড থরো ওয়ালডেন পুকুরের জয়গান গেয়েছেন প্রাণ খুলে। ও পড়ে আমার ভারী লোভ লেগেছে কোন এক সুযোগে ওয়ালডেনের পাড়ে বসে জলকেলি করার। জানিনে এ সাধ মিটবে কিনা এই জীবনে, তবে সে প্রয়াসে কমতি হবে না। ![](https://i.imgur.com/nWSgae2.jpg) [source](https://www.reddit.com/r/galaxyphotography/comments/c9ntz9/galaxy_s10_no_editing_just_me_at_walden_pond/) ![](https://i.imgur.com/pGt8y8s.jpg) [source](https://www.reddit.com/r/trees/comments/c9xej/ents_i_give_youwalden_pond/) সেই কিশোরবেলায় পাঠবইয়ে অন্নদাশংঙ্করের গুণে পড়েছিলাম পারীর (paris) গল্প। এদিকে সিনেমাপাড়ায় ফ্রান্সের জয়জয়কার। পারীজিয়াঁ (parisien) সিনেমায় ওর রাস্তা ঘাট আর স্থাপত্যশিল্পে যে পুরনো মাদকতা দেখেছি, তাতে আর কোন শহর আমায় টানে না। বন্ধুমহলে জমকালো জৌলুষময় শহরের নামডাক শুনি, কড়ির ছড়াছড়ি দেখি, ওসব আমার রোচে না। পারীর পুরনো, স্যাঁতস্যাঁতে, সেকেলে রাস্তায় সারা বিকেল চপ্পল পায়ে হেটে বেড়ানোর খায়েশ আমার বহু বছরের। খোলা কাফেতে গরম কফিতে ফুঁ দিয়ে গা এলিয়ে বসবো। তুর ইফেল (Eiffel tower)'এ উঠে দুচোখ ভরে নেবো। এরপর প্রিয়তিপ্রিয় জাঁক তাতির শুটিং স্পটগুলো খুঁজে খুঁজে দেখে মনে বেদম সুখ নেবো। শঁজ-এলিজের (Champs-Élysées) গেটে জঁঁ-পিয়ের মেলভিলকে আবিস্কার করবো নতুন করে। ফ্রান্সের উঠতি রেসিজম আমলে না নিয়ে কেবল ওর স্থাপত্য আর ইতিহাসেই মত্ত হয়ে ঘুরবো। হে পারী, এলুম তবে! ![screenshot from Midnight in Paris](https://i.imgur.com/8UGW96t.jpg) [screenshot from Midnight in Paris]() — notacinephile