# ভালোজ্জোন্যি হচ্চে
গুপালগঞ্জির অ্যাক কুনায় অ্যাক বলদা থাকত। ওর নাম ছেলো গোপাল। হলি পারা কি হবে, ওরে সবাই ডাকত পুড়া কপাল কইয়ে, বাপ মায়ে মরছে কুটি থাকতি। কালে কালে ওর নাম হইয়ে গ্যাছে কপাল। মেশতো এক মাষ্টারের সাথে। মাষ্টারের আবার মাথায় ছিট ছেলো, কী কতি কী কচ্ছে তাই কতি পারত না। কিন্তু কপাল সারাদিন টোটো কইরে ঘুইরে বেড়াতো মাষ্টারের ন্যাজ ধইরে, গুরু মানত তাঁরে। মাষ্টার কপালরে শেখাইছে, যা কিছু হচ্চে, ভালোজ্জন্যি হচ্চে।

[Illustration by Quentin Blake](https://www.pinterest.ca/pin/794322453006362126/)
একদিন কী হইছে, মাষ্টার কপালরে কইছে
—শোন গোপাল, চল আমরা কাগজের ব্যবসা করি। শিক্ষিত মানুষের তো আর কামলা দেয়া সাজে না।
কপালের বাপ-মায়ে ওর জন্যি জায়গা-জমি কিছু রাইখে গেছিলো। ওইয়ে বেইচে কপাল কাগজ কেনলো মণ-কে-মণ। ওইবার বন্যায় ঘর ভাইসে কাগজ গ্যালো সব নষ্ট হইয়ে।
মাষ্টার কইলো
—ব্যাপার না, ইয়ং ম্যান। কাগজ কিনেছিলে ভালোই হয়েছে, চিন্তা করে দেখো যদি বই কিনতে, বিপদটা কত বড়োই না হতো।
কপাল মাথা নাইড়ে যায়, কতা তো ঠিকি।
ধানি জমি বেইচে কপাল এহন খাবেডা কী? মাষ্টাররে নিয়ে ও ফতগাট চইষে বেড়াতি থাকলো। চইত্তর মাসের ঠাডা পড়া রোদি ঘুরতি ঘুরতি দম বাইর হবার কাম। এক পুকুর দেইখে মাষ্টার কলো
—চল গোপাল, একটু ঠান্ডা করি গা।
মিয়াবাড়ির পুকুরে কারু নামা নিশেদ, বাড়ির ডাঙর মাইয়েরা গোসল করতি নামে। মিয়াসাব লোকটোক নিয়ে আইসে পুকুরেই মাষ্টার আর কপালরে ঠ্যাঙ্গাইলেন। ঠ্যাঙানি খাইয়ে কোকাইতি কোকাইতি মাইল দুই যাওয়ার পর মাষ্টার কলো
— ভালোই হলো পুকুরে মেরেছে। চিন্তা করে দেখো গোপাল, যদি এই প্রখর রোদে বাড়ির তপ্ত উঠোনে নিয়ে পেটাতো, তবে কেমন লাগতো।
কপাল ভাইবা দেখে, আসলি তাই।
রাত্তির বেলা অব্দি কিছু খাতি না পাইয়ে মাষ্টার আবার মিয়াবাড়ির ধারে আইসে কলো
—যদি ওদের বাড়ির কাসার থালাবাসন মেরে দেয়া যায়, তবে মারের প্রতিশোধ নেয়া যাবে, বিক্রি করে কিছু পেটেও দেয়া যাবে। কী বলো গোপাল?
পরদিন পাড়ায় শালিস ডাইকে আনলো মিয়াসাব। কপালরে ধইরে ওর এক হাত কাইটে দেলো মোড়ল। মরা বাপ মায়ের নামে ছি ছি কলো পাড়া-পুড়শি। কাটা হাতে কবিরাজসাব ব্যান্ডেজ যখন বানতিছেলেন, মাষ্টার তাঁর ঘাড়ের উপর দিয়ে উকি মাইরে কলো
—যা কিছু হয় ভালোর জন্যেই হয়, গোপাল। ভাগ্যিস কাসার থালাবাসন চুরি করেছিলে, চিন্তা করে দেখেছো সোনা, রুপারগুলো নিলে কী হতো?
---------------------------
** *ভলতেয়ারের ক্যানডিড থেকে ঈষৎ অনুপ্রাণিত* **
— notacinephile